সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যে জিয়া : মেয়র তাপস

২৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে নেপথ্যের প্রধান কুশীলব হচ্ছে জিয়াউর রহমান।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে নগর ভবন প্রাঙ্গণে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মেয়র তাপস বলেন, জিয়াউর রহমানের সব কর্মকাণ্ডই ছিল প্রতিক্রিয়াশীল শক্তির পক্ষে এবং মুক্তিযুদ্ধবিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। তিনি রাজাকার, আল বাদর, আল শামসদের পুনর্বাসন করেছেন। তাদের গাড়িতে বাংলাদেশের রক্ত রঞ্জিত পতাকা উঠিয়ে দিয়েছেন। মন্ত্রী বানিয়েছেন। সরকারের বিভিন্ন পর্যায়ে তাদের পদোন্নতি, পদায়ন ও নিরাপত্তা দিয়েছেন।

জিয়াউর রহমান সংবিধান ভূলুণ্ঠিত করেছেন উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, তিনি (জিয়া) সংবিধান কাঁটাছেড়া করেছেন। পঞ্চম সংশোধনী করে হত্যাকারীদের বিচারের আওতার বাইরে রেখেছেন। এভাবে তিনি আইনের শাসন ভূলুণ্ঠিত করেছেন।

তিনি আরও বলেন, জিয়া গণতন্ত্রকে ধ্বংস করেছেন। তার সব কর্মকাণ্ড ৪৮ বছর ধরে বিশ্লেষণ করলে এটাই প্রতীয়মান হয় যে, খুনি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের নেপথ্যের প্রধান কুশীলব। নেপথ্যের প্রধান ষড়যন্ত্রকারী ও হত্যাকারী।

মেয়র বলেন, আমরা জানি, মার্শাল ল’ আদালতে কত নিরীহ, নিষ্পাপ সেনা কর্মকর্তাকে হত্যা করেছেন জিয়াউর রহমান। এর মাধ্যমে বহু মুক্তিযোদ্ধা সৈনিকদেরও হত্যা করেছেন তিনি।