দুই রুমের স্থাপনাকে মিনি স্টেডিয়াম বলে চালিয়ে দেওয়া হয়েছে: আমিনুল

উপজেলা পর্যায়ে বিগত সরকারের আমলে নির্মিত প্রথম পর্যায়ের মিনি স্টেডিয়ামগুলোকে নিছক ‘দুই রুমের স্থাপনা’ হিসেবে উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, “একটি টয়লেট ও ড্রেসিং রুমের মতো ছোট ঘর বানিয়ে সেটিকে মিনি স্টেডিয়াম বলে চালিয়ে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার এ ধরনের প্রকল্পকে কোনোভাবেই মিনি স্টেডিয়াম হিসেবে স্বীকৃতি দেয় না এবং ভবিষ্যতে এ ধরনের দায়সারা স্টেডিয়াম নির্মাণের কোনো সুযোগ নেই।”

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিটি উপজেলা স্টেডিয়ামে প্যাভিলিয়ন, গ্যালারি ও প্রেস বক্সসহ একটি আধুনিক স্টেডিয়ামের জন্য প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দেশব্যাপী প্রায় ২০১টি উপজেলা স্টেডিয়ামের কাজ চলমান রয়েছে।”

তিনি আরো বলেন, “পর্যায়ক্রমে জমি অধিগ্রহণ কিংবা খাসজমি প্রাপ্তিসাপেক্ষে এসব স্টেডিয়াম নির্মিত হচ্ছে।”

বিগত সময়ে উপজেলা স্টেডিয়ামের নামে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে, ইতিমধ্যে তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সংসদকে জানান তিনি।