মহারাষ্ট্রে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬

২৩

ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন আরও ১৪০ জন। জীবিত উদ্ধার করা হয়েছে ১০৩ জন।

বৃহস্পতিবার (২০ জুলাই) দিনগত রাতে ওই রাজ্যের পার্বত্য গ্রাম ইরশালওয়াদিতে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, ছোট ওই পার্বত্য গ্রামটিতে মাত্র ৫০ ঘর ছিল। সেগুলোর অধিকাংশই ধ্বংস হয়েছে। ঘটনার পর উদ্ধার তৎপরতায় পুলিশ, চিকিৎসক ও স্থানীয় লোকজন যোগ দেন। তবে, গ্রামটি পাহাড়ি এলাকায় অবস্থিত হওয়ায় খাড়া রাস্তা বেয়ে ভারী যন্ত্রপাতি আনা সম্ভব হয়নি। ফলে ভারী বৃষ্টির মধ্যে উদ্ধারকর্মীদের বেগ পেতে হচ্ছে।

এদিকে, নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ দুর্ঘটনার বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। উদ্ধার অভিযান চালাতে এনডিআরএফের চারটি দল কাজ করছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, চলতি মাসের প্রথম দুই সপ্তাহে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে দেশটির উত্তর ও পশ্চিামঞ্চলীয় রাজ্যগুলোতে অন্তত ৫০০ মানুষের মৃত্যু হয়েছে।