সুদানের বাজারে সেনাবাহিনীর গোলার আঘাত, নিহত ৩০

৩২

সুদানের ওমদুরমানের একটি বাজারে দেশটির সেনাবাহিনীর গোলাবর্ষণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে।

গণমাধ্যমের খবরে জানা গেছে, মঙ্গলবার (১১ জুলাই) শাবি সউকের এ ঘটনায় নিহতদের বেশিরভাগই শিশু ও নারী।
আধা-সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের সঙ্গে তীব্র লড়াই চলছিল ওই এলাকায়। এ সময় সেনা নিয়ন্ত্রিত কারি সামরিক ঘাঁটি থেকে গোলা ছোঁড়া হয়েছিল।

এর আগে গত ৮ জুলাই বিমান হামলায় ওমদুরমানের দার এস সালাম পাড়ায় ৩৮ জন নিহত হন। ওই ঘটনায় সামরিক বাহিনীকে দায়ী করেছে আরএসএফ।

পরদিনই মসজিদে বিমান হামলায় বাহরিতে এক পরিবারের নয়জন নিহত হন। ওই পরিবারের প্রধান ছিলেন মসজিদের মুয়াজ্জিন।

এদিকে পশ্চিম দারফুরে গণকবর পাওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ। যেখানে কমপক্ষে ৮৭টি মরদেহ রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান