২০ টাকা কেজি দরে বই বিক্রি, শিক্ষিকা গ্রেপ্তার

৩২

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বই ২০ টাকা কেজি দরে বিক্রি করায় আয়েশা আক্তার (৪৫) নামে এক শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল এতথ্য নিশ্চিত করেন।

এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ওই শিক্ষিকার বিরুদ্ধে থানায় মামলা হয়।

গ্রেপ্তার আয়েশা আক্তার শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, আয়েশা আক্তার তার বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আসা ৪৯০টি সরকারি নতুন বই ২০ টাকা কেজি দরে বিক্রি করে দেন। যার ওজন ছিল ৭২ কেজি।

তিনি আরও বলেন, বইগুলো ভ্যান গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় বইগুলো জব্দ করা হয়। এ সময় শিক্ষিকাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।’

ওসি নাজমুল হক বলেন, ‘শিক্ষা বিভাগ আয়েশা আক্তারকে গতকাল সন্ধ্যায় থানায় সোপর্দ করার পর রাত ১২ টায় তার বিরুদ্ধে বই বিক্রি অভিযোগ করে মামলা করা হয়। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

আইকে