কারাবন্দিদের পরিদর্শন বন্ধের সিদ্ধান্ত ইসরায়েলের

২৫

ফিলিস্তিনি বন্দিদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি ইসরায়েলি সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। দেশটির মন্ত্রী ইসরায়েল কাটজ আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)–এর সদস্যদের ফিলিস্তিনি বন্দিদের দেখতে না দেয়ার নির্দেশ দিয়েছেন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি এক বিবৃতিতে জানায়— এই সিদ্ধান্ত ইসরায়েলের কারাগারগুলোতে চলমান মানবাধিকার লঙ্ঘন ও অপরাধ ঢাকার-ই একটি নতুন কৌশল।

বিবৃতিতে আরও বলা হয়, রেড ক্রসের পরিদর্শন পুনরায় চালুর বিষয়ে ইসরায়েলি সুপ্রিম কোর্টে যে শুনানি হওয়ার কথা ছিল, তার কয়েক ঘণ্টা আগেই দেশটির প্রতিরক্ষামন্ত্রী কাটজের পক্ষ থেকে এই সিদ্ধান্ত আসে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে (৭ অক্টোবর, ২০২৩) এই শুনানি বারবার স্থগিত করা হয়েছে।

প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি আন্তর্জাতিক রেড ক্রসকে অবিলম্বে বন্দিদের পরিদর্শন পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা সংস্থাটিকে ইসরায়েলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নে\য়ার অনুরোধ করেছে, যাতে ফিলিস্তিনি বন্দিদের মানবাধিকার সুরক্ষিত থাকে।

সূত্র: আল জাজিরা।