চীনের সেনাবাহিনীতে দুর্নীতির অভিযোগে ৯ জেনারেল বহিষ্কার

২০

চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি) গত কয়েক দশকের মধ্যে অন্যতম বড় সামরিক দমন অভিযানে নয়জন শীর্ষ জেনারেলকে বহিষ্কার করেছে।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর আর্থিক অপরাধের অভিযোগ পাওয়া গেছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) সহ-সভাপতিসহ সেনা, নৌ, রকেট ও সশস্ত্র পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, এই নয় কর্মকর্তা গুরুতরভাবে দলীয় শৃঙ্খলা লঙ্ঘন করেছেন এবং দায়িত্বসংক্রান্ত অপরাধে জড়িত ছিলেন, যা ‘অত্যন্ত গুরুতর প্রকৃতির’ এবং ‘চরম ক্ষতিকর প্রভাব ফেলেছে’।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তাদের বিরুদ্ধে এখন সামরিক আদালতে মামলা চলবে এবং এই পদক্ষেপকে দল ও সেনাবাহিনীর দুর্নীতিবিরোধী অভিযানে ‘একটি গুরুত্বপূর্ণ সাফল্য’ হিসেবে দেখা হচ্ছে।

বহিষ্কৃত নয় কর্মকর্তার মধ্যে রয়েছেন—

১. হে ওয়েইদং (সিএমসি’র সহ-সভাপতি)

২. মিয়াও হুয়া (সিএমসি’র রাজনৈতিক বিভাগের পরিচালক)

৩. হে হংজুন (রাজনৈতিক বিভাগের নির্বাহী উপপরিচালক)

৪. ওয়াং সিউবিন (যৌথ অভিযান কমান্ড সেন্টারের নির্বাহী উপপরিচালক)

৫. লিন শিয়াংইয়াং (পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ডার)

৬. চিন শুতং (সেনাবাহিনীর রাজনৈতিক কমিশার)

৭. ইউয়ান হুয়াঝি (নৌবাহিনীর রাজনৈতিক কমিশার)

৮. ওয়াং হৌবিন (রকেট বাহিনীর কমান্ডার)

৯. ওয়াং চুননিং (সশস্ত্র পুলিশ বাহিনীর কমান্ডার)

এদের মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তি হে ওয়েইদং। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পর তিনি চীনের সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন। মার্চ মাসের পর থেকে তার অনুপস্থিতি নানা জল্পনা তৈরি করে, ধারণা করা হয় তিনি সামরিক বাহিনীর অভ্যন্তরীণ শুদ্ধি অভিযানের আওতায় পড়েছেন। তিনি ছিলেন পার্টির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা ‘পলিটব্যুরো’র সদস্য, যা তাকে তদন্তের মুখোমুখি হওয়া প্রথম কার্যরত পলিটব্যুরো সদস্যে পরিণত করেছে।

যদিও সরকারিভাবে এই বহিষ্কারকে দুর্নীতিবিরোধী অভিযান হিসেবে বর্ণনা করা হয়েছে, অনেক বিশ্লেষক মনে করছেন এটি রাজনৈতিক বিশুদ্ধিকরণের অংশ হতে পারে। এই পদক্ষেপ এমন সময় নেয়া হয়েছে, যখন পার্টির কেন্দ্রীয় কমিটি দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে এবং নতুন সদস্য নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।

চীনের সেনাবাহিনীতে এই দমন অভিযান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষমতা আরও সুসংহত করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে দুর্নীতির অভিযোগে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে বেশ কিছু শুদ্ধি অভিযান চালিয়েছে সরকার। তবে, এবার নয়জন শীর্ষ জেনারেলকে একসঙ্গে বহিষ্কার করা চীনের সামরিক কাঠামোতে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ চীনা সেনাবাহিনীর অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

সূত্র: বিবিসি নিউজ।