আফগান সীমান্তে আত্মঘাতী বোমা হামলা, নিহত পাকিস্তানের ৭ সেনা

১৭

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে একটি সামরিক ক্যাম্প লক্ষ্য করে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। আত্মঘাতী এ হামলায় পাকিস্তান সেনাবাহিনীর ৭ জন সদস্য প্রাণ হারিয়েছেন। সেইসঙ্গে আহত হয়েছেন আরও ১৩ জন। 

শুক্রবার (১৭ অক্টোবর) পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেশী আফগানিস্তনের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের পর অস্থায়ী যুদ্ধবরতির শেষ দিনে এ হামলার ঘটনা ঘটলো।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, একজন জঙ্গি বিস্ফোরক ভর্তি গাড়ি একটি সামরিক শিবির হিসেবে ব্যবহার করা একটি দুর্গের প্রাচীরে আঘাত করে। এ সময় অন্য দুজন ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা নিহত হয়।

এ বিষয়ে তাৎক্ষণিক আর কোনো মন্তব্য করেনি পাকিস্তান সেনাবাহিনী।

এদিকে পাল্টাপাল্টি সংঘর্ষের পর ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে আছে পাকিস্তান ও আফগানিস্তান। শুক্রবার সন্ধ্যা ৬টায় এই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা।