মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা’ চালিয়েছে বলে প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণাকালে এ কথা জানান আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি।

তিনি বলেন, সাক্ষ্য-প্রমাণ থেকে এটি প্রতিষ্ঠিত হয়েছে, নির্দিষ্ট কিছু স্থানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচার হত্যাকাণ্ড, পুরুষদের আলাদা করে মৃত্যুদণ্ড কার্যকর করা, যৌন সহিংসতা এবং ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনায় জড়িত ছিল।

বিচারক রায়ে আরও বলেন, আদালত প্রমাণ পেয়েছে,মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপকভাবে যৌন সহিংসতা চালিয়েছে, সেইসঙ্গে শিশুদের ওপর চরম নৃশংসতা চালিয়েছে এবং ব্যাপক সংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন তাদের ওপরও হামলা চালিয়েছে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে আসছে।

রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি ঐতিহাসিকভাবে চলে আসা মিয়ানমার সরকারে আচরণ সম্পর্কে বিচারক ইউজি বলেন, আদালত দেখতে পেয়েছে যে, বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধগুলো ক্রমান্বয়ে তাদের অধিকারকে ক্ষুণ্ণ করেছে এবং তাদের প্রান্তিক করে অত্যন্ত অরক্ষিত অবস্থার দিকে ঠেলে দিয়েছে। একই সঙ্গে সামরিক বাহিনী-সমর্থিত বিদ্বেষমূলক বক্তব্য তাদের বিরুদ্ধে শত্রুতাকে উসকে দিয়েছে।

রায় পড়ে শোনানোর সময় রোহিঙ্গাদেরকে একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবেও স্বীকৃতি দেন বিচারক ইয়াসাওয়া ইয়ুজি।

রায়ে তিনি উল্লেখ করেন, রোহিঙ্গাদের নিজস্ব ভাষা ও শিল্পকলা রয়েছে এবং তারা নিজেদের স্বতন্ত্র পরিচয়ে চিহ্নিত করে।

কিছু সাক্ষ্য-প্রমাণের কথা উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমার কয়েক দশক ধরে তাদের প্রতি বৈষম্য করে আসছে এবং তারা একটি সুরক্ষিত গোষ্ঠী হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য।

একইসঙ্গে, রাখাইনে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর দমন-পীড়নে প্রায় দশ হাজার মানুষ নিহত হয়েছেন উল্লেখ করে বিচারক ইউজি বলেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী আন্তর্জাতিক বিচার আদালত(আইসিজে) এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, ২০১৭ সালের ক্লিয়ারেন্স অপারেশন বা শুদ্ধি অভিযানের সময় প্রায় দশ হাজার রোহিঙ্গাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।

উল্লেখ্য, রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার চেয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। মিয়ানমারের রাখাইন রাজ্যে ওই গণহত্যা চালানো হয়।

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে গাম্বিয়ার দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযান ও নির্যাতন ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।