গুলিয়াখালি সমুদ্র সৈকত থেকে ৮ পর্যটককে উদ্ধার করল গ্রাম পুলিশ

১৮৫

রিয়াজ উদ্দীন মাসুম, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকত-এ গোসল করতে নেমে তীব্র স্রোতে ভেসে যাওয়ার সময় ৮ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সৈকতে জোয়ারের প্রবল স্রোতে আটকা পড়লে পর্যটকদের জীবন হুমকির মুখে পড়ে। এ সময় স্থানীয় যুবক সাইফুল এবং সীতাকুণ্ড গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় স্রোতের কবল থেকে ৮ জন পর্যটককে নিরাপদে তীরে তুলে আনা সম্ভব হয়।

এর আগে, গত রবিবার (২৪ মে) একই সৈকতে গোসল করতে নেমে মোঃ রিফাত (১৮) নামের এক কিশোর পর্যটক জোয়ারের স্রোতে নিখোঁজ হন। পরদিন সকাল আনুমানিক ৯টার দিকে সৈকত সংলগ্ন একটি কেওড়া বাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যরা যৌথভাবে অংশ নেন।

স্থানীয়দের মতে, গুলিয়াখালী সমুদ্র সৈকতে জোয়ারের সময় স্রোত অত্যন্ত তীব্র হয়ে ওঠে, যা পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই সতর্কতা অবলম্বন করে সৈকতে নামার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।