সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৫

২৮

রিয়াজ, সীতাকুণ্ড (চট্টগ্রাম), প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস, ড্রামট্রাক, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার চতুর্মুখী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রথমে একটি ড্রামট্রাকের সংঘর্ষ হয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত ১৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।