গরু কোরবানি ঈদের বাধ্যতামূলক অংশ নয়: কলকাতা হাইকোর্ট

১২২

গরু কোরবানি ঈদুল আজহার অংশ নয় এবং ইসলামে এটি বাধ্যতামূলকও নয় বলে মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে উন্মুক্ত বা জনপরিসরে গবাদিপশু জবাইয়ের নিষেধাজ্ঞা বহাল রেখেছে আদালত।

বৃহস্পতিবার (২০ মে) বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের বেঞ্চ এ রায় দেন। আদালত জানায়, ‘উন্মুক্ত পরিসরে গরু-মহিষসহ অন্যান্য প্রাণী জবাই কঠোরভাবে নিষিদ্ধ।’

রায়ে সুপ্রিম কোর্টের মো. হানিফ কোরেশি বনাম বিহার রাজ্য মামলার পর্যবেক্ষণ তুলে ধরে বলা হয়, গরু কোরবানি ঈদুল আজহার অংশ নয় এবং ইসলামের অধীনে এটি বাধ্যতামূলক ধর্মীয় বিধানও নয়।

গত ১৩ মে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে ‘ফিটনেস সার্টিফিকেট’ ছাড়া প্রাণী জবাই নিষিদ্ধ করা হয় এবং উন্মুক্ত স্থানে জবাই ‘কঠোরভাবে নিষিদ্ধ’ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিটি চ্যালেঞ্জ করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রসহ কয়েকজন হাইকোর্টে পিটিশন করেন। তারা ঈদুল আজহায় ধর্মীয় আচার পালনে ‘প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০’-এর ১২ ধারার অধীনে ছাড় চান।

আদালত জানিয়েছে, ছাড়ের বিষয়ে ১৯৫০ সালের আইনের ১২ ধারার আওতায় রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।