৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার

২ কোটি লিটার সয়াবিন ও ২ কোটি লিটার পাম অলিনসহ মোট ৪ কোটি লিটার ভোজ্যতেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৬৪৫ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকা।

বুধবার (২৪ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে ৩৬৭ কোটি ৯০ লাখ টাকায় ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন কিনবে সরকার। ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে প্রতি লিটার ১৮৩ টাকা ৯৫ পয়সায় ২ লিটারের বোতলে এই তেল কেনা হবে।

এ ছাড়া ২৭৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার টাকায় ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনা হবে অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল থেকে। প্রতি লিটার দাম পড়বে ১৬৪ টাকা ৭৭ পয়সা।

সভায় ভোজ্যতেলের পাশাপাশি মসুর ডাল, সার ও এলএনজি কেনারও অনুমোদন দেওয়া হয়েছে।