ইরানের ক্ষেপণাস্ত্র রাখার অধিকার আছে: শেহবাজ শরিফ

অন্য দেশ পারলে ইরানেরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাখার বৈধ অধিকার আছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই।

বুধবার (২৪ জুন) ইসলামাবাদে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শেহবাজ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি সই হওয়া ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এ ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের বিষয়টি ছিল না। তিনি বলেন, ‘এটি আলোচনার টেবিলে কখনোই ছিল না।’

আন্তর্জাতিক মহলের দ্বিমুখী নীতির সমালোচনা করে তিনি বলেন, ‘কিছু দেশ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র রাখতে পারবে, আর ইরান পারবে না—এই কপটতা হজম করা সম্ভব নয়।’

একই সঙ্গে শেহবাজ অভিযোগ করেন, বৈশ্বিক কিছু ‘কুচক্রী মহল’ শান্তি চুক্তি নস্যাৎ করতে অপতৎপরতা চালাচ্ছে।

গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধের অবসান হয়। শান্তি প্রক্রিয়ায় সমর্থন দেওয়ায় তুরস্ক, কাতার, সৌদি আরব ও মিসরকে ধন্যবাদ জানান তিনি। আগামী সপ্তাহে তেহরান সফর করবেন শেহবাজ।

সূত্র: আনাদোলু এজেন্সি