হাল্ক হোগান মারা গেছেন

Halk riisngbd 2507251016
২৮

তারকা রেসলার ও অভিনেতা হাল্ক হোগান মারা গেছেন। তার আসল নাম টেরি বোলিয়া। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ২৪ জুলাই সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাড়িতে মারা যান হাল্ক হোগান। চিকিৎসকরা জানিয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন হাল্ক।

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) ওয়েব সাইটে হাল্কের মত্যুর খবর জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, দুঃখের সঙ্গে জানাচ্ছি ডব্লিউডব্লিউই হল অব ফেমার হাল্ক হোগান মারা গেছেন। আশির দশকে ডব্লিউডব্লিউই-কে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পপ কালচারের অন্যতম পরিচিত মুখ হোগান। তার পরিবার, বন্ধু এবং অসংখ্য ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

ফ্লোরিডার ক্লিয়ারওয়াটার শহরের পুলিশ জানিয়েছে, হার্ট অ্যাটাকের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হোগানের বাড়িতে ছুটে যান। ফায়ার ও রেসকিউ টিম তাকে উদ্ধার করে মর্টন প্লান্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাল্কের মৃত্যু নিয়ে গতকাল বিকালে সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্লিয়ারওয়াটার পুলিশ। এ সময় মেজর নেট বার্নসাইড বলেন, “হাল্ক সকাল ১১টা ১৭ মিনিটে মারা গেছেন। এটি কোনো হত্যাকাণ্ড নয়। সন্দেহজনক কার্যকলাপের কোনো চিহ্ন পাওয়া যায়নি।”

১৯৫৩ সালের ১১ আগস্ট যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে জন্মগ্রহণ করেন হাল্ক হোগান। রেসলিং দুনিয়ার এই কিংবদন্তি আশির দশকে অভিনয়ে পা রাখেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘রকি থ্রি’। ১৯৮২ সালে মুক্তি পায় এটি। ১৯৮৯ সালে ‘নো হোল্ডস ব্যারেড’ সিনেমায় অভিনয় করেন হাল্ক। এরপর ‘থান্ডার ইন প্যারাডাইজ’, ‘স্পাই হার্ড’, ‘দ্য আল্টিমেড উইপেন’ এর মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেন হাল্ক।