জনপ্রিয় অভিনেত্রী লনি অ্যান্ডারসন মারা গেছেন

Lony riisngbd 2508040724
২৬

মার্কিন টিভি অভিনেত্রী লনি অ্যান্ডারসন মারা গেছেন। রবিবার (৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। এপির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক চলচ্চিত্রবিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকম এ খবর প্রকাশ করেছে।

১৯৪৫ সালের ৫ আগস্ট মিনেসোটা রাজ্যের সেন্ট পলে জন্মগ্রহণ করেন লনি অ্যান্ডারসন। মঙ্গলবার (৫ আগস্ট) ৭৯ বছর পূর্ণ করতেন এই অভিনেত্রী। ভাগ্যের নির্মম পরিহাস, জন্মদিনের দুই দিন পৃথিবীর মায়া ত্যাগ করে পরবারে পাড়ি জমালেন এই তারকা অভিনেত্রী।

লনি অ্যান্ডারসনের পরিবার থেকে একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে—“আমাদের প্রিয় স্ত্রী, মা, দাদির মৃত্যুর খবর ঘোষণা করতে গিয়ে আমরা গভীরভাবে শোকাহত।”

জনপ্রিয় কমেডি সিরিজ ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাতি’-এ রিসেপশনিস্ট জেনিফার মার্লোর চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন লনি।

‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি’ সিরিজটি ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়। কাহিনিটি ঘিরে ছিল ওহাইওর এক লোকসানি রেডিও স্টেশনকে, যারা নিজেদের ভবিষ্যৎ রক মিউজিকের মাধ্যমে পুনর্গঠনের চেষ্টা করছিল। লনি ছাড়াও সিরিজে অভিনয় করেছিলেন গ্যারি স্যান্ডি, টিম রিড, হাওয়ার্ড হেসম্যান, ফ্রাঙ্ক বোনার এবং জ্যান স্মিথারস।

সেই স্টেশনের রিসেপশনিস্ট চরিত্রে লনি অ্যান্ডারসন ছিলেন চিরচেনা স্বর্ণকেশী, স্মার্ট ও হাই হিল পরিহিত ‘জেনিফার মার্লো’—যিনি অসংখ্য অনাকাঙ্ক্ষিত ফোন কল ও ঝামেলা দক্ষ হাতে সামলাতেন। এ চরিত্রের জন্য লনি অ্যান্ডারসন পেয়েছিলেন দুটি এমি অ্যাওয়ার্ড মনোনয়ন এবং তিনটি গোল্ডেন গ্লোব মনোনয়ন।

কেবল টিভি সিরিজ নয়, হলিউড সিনেমায়ও অভিনয় করেন লনি অ্যান্ডারসন। ১৯৭৬ সালে ‘ভিজিল্যান্ট ফোর্স’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। ‘স্ট্রোকার এইস’, ‘লনলি গাই’, ‘অল ডগস গো টু হেভেন’-এর মতো বেশ কটি সিনেমায় অভিনয় করেছেন লনি।