আবারও বিতর্কে নোবেল: মদ্যপ অবস্থায় চালককে মারধর, আটক

1752995984 f189086c5c0ab89139a80f5644edca5d
২৪

রাজধানীর কল্যাণপুরে মদ্যপ অবস্থায় উবার চালককে মারধরের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) দিবাগত মধ্যরাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয় বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে কল্যাণপুরের হাবুলের পুকুরপাড় এলাকায় পৌঁছান নোবেল ও তার স্ত্রী সালসাবিল মাহমুদ। গন্তব্যে পৌঁছেও নোবেল গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান এবং চালকের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তিনি চালক আকবর হোসেনকে মারধর করেন।

এ ঘটনায় আশপাশের লোকজন জড়ো হয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। পরে খবর পেয়ে মিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নোবেল, উবার চালক এবং ভাড়ায় চালিত গাড়িটি থানায় নিয়ে যায়।

শনিবার মধ্যরাত পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি। ওসি সাজ্জাদ রোমান বলেন, ‘নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য শুনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’