গুম ও গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে রয়েছে বিএনপি: আমিনুল হক

1749384618
১২

পতিত স্বৈরাচার কর্তৃক গুম-খুন এবং চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত হওয়া প্রত্যেক শহীদ পরিবারের পাশে বিএনপি রয়েছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাফজয়ী ফুটবলার আমিনুল হক।

তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রোববার (৮ জুন) গুম এবং গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেন এবং এসব কথা বলেন আমিনুল হক।

এদিন, রাজধানীর পল্লবীতে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নিহত ছাত্রদল নেতা রমজান মিয়া জীবন এবং ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেনের বাসায় গিয়ে তাদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন আমিনুল হক। এ সময় তিনি শহীদ পরিবারদের আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ ছাড়া সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে নিহত শ্রমিকদল পল্লবী থানার ৫নং ওয়ার্ডের শ্রমিকদলের সহসভাপতি বিল্লাল গাজীর বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির এই নেতা। এসময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া বিল্লালের মার কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আমিনুল হক নিহত বিল্লালের ছেলের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেন।