গঙ্গার পানি চুক্তি নিয়ে দু’বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন ও এ-সংক্রান্ত বিষয়ে ভারত সরকারের কাছে দু’টি চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত এক আলোচনা সভা ও বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা প্রতিবেশী দেশের কাছে গঙ্গার চুক্তি নিয়ে দু’টি চিঠি পাঠিয়েছি। তারা একটি চিঠির কোনো উত্তর দেয়নি। আমি ব্যক্তিগতভাবেও একটি চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো জবাব পাইনি।

ভারত সরকারের প্রতি বন্ধুত্বের বার্তা দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ আশা করে, প্রতিবেশী দেশটি কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে নয়, বরং বাংলাদেশের সামগ্রিক জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। ভারত বন্ধুত্বের মনোভাবের পরিচয় দেবে এবং গঙ্গার পানি বণ্টন ইস্যু সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সরকারের।

বিএনপির যুগ্ম মহাসচিব আরও জানান, এ বিষয়ে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
তবে ভারতের উত্তরের অপেক্ষায় হাত গুটিয়ে বসে নেই বাংলাদেশ। পানি সংরক্ষণ এবং উৎপাদন ও উন্নয়ন বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে পানি ধরে রাখতে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পানি সংরক্ষণের জন্য পদ্মা ব্যারাজ প্রকল্প এবং উৎপাদন বাড়াতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।