বাড়ছে ৩ বিভাগের নদ-নদীর পানি, বন্যা হতে পারে যেসব জেলায়

1748610888 45365e51413abe93dd0bf0994bbbd35c
২৭

দেশজুড়ে টানা বৃষ্টিতে ৩ বিভাগের নদ-নদীর পানি বাড়তে। এতে বিপৎসীমা অতিক্রম করে ফেনীসহ দেশের ৬ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন শঙ্কার কথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, হালদা, সাজু, মাতামুহুরী ইত্যাদি নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

সেই সঙ্গে এই সময় মুহুরী নদীর পানি সমতল বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং মাতামুহুরী নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে ফেনীর মুহুরী নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। এসব নদীর পানি সমতল আগামী রবিবার স্থিতিশীল থাকতে পারে এবং সোমবার কমতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোরাইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি সমতল আগামী ৩ দিনে বৃদ্ধি পেতে পারে।

সেই সঙ্গে এই সময়ে নদীগুলোর পানি সমতল বিপৎসীমা অতিক্রম করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোণা জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।

এদিকে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী ৩ দিনে বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এছাড়া শনিবার পর্যন্ত বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার পরিলক্ষিত হতে পারে।

অন্যদিকে, সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বর্তমানে বৃদ্ধি পাচ্ছে জানিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে, আগামী ৩ দিন পর্যন্ত পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

তবে এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

এছাড়া বর্তমানে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল ও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এসব নদ-নদীর পানি সমতল আগামীকাল শনিবার পর্যন্ত স্থিতিশীল ও পরবর্তী ৪ দিনে (রবিবার থেকে বুধবার) বৃদ্ধি পেতে পারে। তবে তা বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে।

সেই সঙ্গে গঙ্গা নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে।

আর পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। এসব নদীর পানি সমতল আগামী ৫ দিন পর্যন্ত বৃদ্ধি পেলেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।