মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা: ৫১ মেডিকেল সেন্টার অনুমোদন

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশের ৫১টি মেডিকেল সেন্টারের অনুমোদিত তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)।

দেশটিতে কর্মসংস্থানের জন্য ইলেকট্রনিক ভিসা উইথ রেফারেন্সের (ই-ভিডিআর) আবেদন করার আগে কর্মীদের এসব অনুমোদিত কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।

শুক্রবার (৬ নভেম্বর) এফডব্লিউসিএমএসের ওয়েবসাইটের ‘অ্যাক্রেডিটেড মেডিকেল সেন্টার’ বিভাগে অনুমোদিত কেন্দ্রগুলোর নাম ও ঠিকানা প্রকাশ করা হয়।

তালিকাভুক্ত মেডিকেল সেন্টারগুলোর অধিকাংশই ঢাকায় অবস্থিত। রাজধানীর মতিঝিল, ফকিরাপুল, পুরানা পল্টন, নয়াপল্টন, বিজয়নগর, বনশ্রী, রামপুরা, বনানী, উত্তরা, ধানমন্ডি, মগবাজার, মহাখালী ও তেজগাঁও এলাকায় এসব কেন্দ্র রয়েছে। এছাড়া গাজীপুরের একটি মেডিকেল সেন্টারও তালিকায় স্থান পেয়েছে।

অনুমোদিত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, ওয়াদি হেলথ চেকআপ, মেডিনেট মেডিকেল সার্ভিসেস, রামিন হেলথ সেন্টার, ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইউনিটি মেডিকেল চেকআপ সেন্টার, আইডিয়াল ডায়াগনস্টিক, সানলাইট ডায়াগনস্টিক, রিলায়েন্স ল্যাব, প্রাইম ডায়াগনস্টিক ও পারফেক্ট মেডিকেয়ার।

এছাড়া ফেমাস স্পেশালাইজড হাসপাতাল, লিডিং হেলথ চেকআপ লিমিটেড, ডায়নামিক ল্যাব, ডেল্টা হেলথ কেয়ার, গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সারা মেডিকেল সেন্টার, সারা হেলথ কেয়ার, পুষ্প ক্লিনিক, এলবি হেলথকেয়ার, ইনডেক্স ডায়াগনস্টিক সেন্টার, জান্নাহ মেডিকেল সার্ভিসেস, মাইল্যাব মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আইচি হাসপাতাল ও শাহিদা খাতুন ডিজিটাল মেডিকেল সেন্টার রয়েছে।

তালিকার অন্য কেন্দ্রগুলো হলো ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক, ইশতিয়াক মেডিকেল সেন্টার, মেডিপ্যাথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, স্মার্ট মেডিকেল সেন্টার, ইউনিকেয়ার মেডিকেল সার্ভিসেস, গ্রিনল্যান্ড মেডিকেল সেন্টার, কেয়ার ওয়েভ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, জারা হেলথ কেয়ার, এভারগ্রিন মেডিকেল সেন্টার, ওয়ার্ল্ড হরাইজন মেডিকেল সার্ভিসেস, হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, সুরক্ষা মেডিকেল সেন্টার, ল্যাব কোয়েস্ট লিমিটেড, স্ট্যান্ডার্ড মেডিকেল সেন্টার, ট্রু হেলথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আনাস মেডিকেল সেন্টার লিমিটেড, আল-জামী ডায়াগনস্টিক সেন্টার, ওয়ান প্লাস মেডিকেল সেন্টার, ভিটা হেলথ মেডিকেল, কমফোর্ট মেডিকেল চেকআপ সেন্টার, মেডিফ্লাই হেলথ সার্ভিসেস, পিওর হেলথ মেডিকেল সেন্টার ও সানমুন মেডিকেল সেন্টার।

এফডব্লিউসিএমএসের তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত কেন্দ্রগুলো সংশ্লিষ্ট স্থানীয় সরকারি সংস্থার নিবন্ধিত। পাশাপাশি মালয়েশিয়ার প্রতিষ্ঠান বেস্টিনেট এসডিএন বিএইচডির নির্ধারিত নিরীক্ষা প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়েছে।

মালয়েশিয়ায় কাজের জন্য ই-ভিডিআর আবেদনপ্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। কর্মী পাঠানোর ক্ষেত্রে মেডিকেল অনুমোদনপ্রক্রিয়া দ্রুত করা এবং পদ্ধতিগত জটিলতা দূর করার দাবি জানিয়ে আসছিল রিক্রুটিং এজেন্সিগুলো। এমন প্রেক্ষাপটে ৫১টি মেডিকেল সেন্টারের অনুমোদিত তালিকা প্রকাশ করা হলো।