সাবেক সেনাসদস্যদের বিক্ষোভ নিয়ে যা জানাল আইএসপিআর

Ispr 20250418 193507176
৩১

বিভিন্ন সময় সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত সাবেক সেনাসদস্যদের বিক্ষোভের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (১৮ মে) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান স্পষ্ট করে।

আইএসপিআর জানিয়েছে, জাতীয় প্রেসক্লাব চত্বরে রোববার (১৮ মে) কতিপয় বরখাস্ত/অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনাসদস্যরা তাদের চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ ও আর্থিক ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ এবং বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য প্রদান করেন। শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল জাতীয় প্রেসক্লাবে গমন করেন এবং অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে তাদের বক্তব্য শোনেন।

প্রতিনিধি দল সেনাবাহিনীর প্রচলিত বিধি-বিধান অনুসারে দাবি-দাওয়া যাচাই ও সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। একইসঙ্গে অভিযোগগুলো কোনো তৃতীয় পক্ষ বা প্রতিষ্ঠানের ব্যানারে না পাঠিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরাসরি উপস্থাপনের পরামর্শ দেন।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৪ মে পর্যন্ত এ ধরনের মোট ৮০২টি আবেদন গৃহীত হয়েছে। এর মধ্যে ১০৬টি নিষ্পত্তি হয়েছে এবং বাকিগুলোর প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে সেনাবাহিনী দুঃখ প্রকাশ করে জানায়, আজকের দিনে কয়েকজন উচ্ছৃঙ্খল সাবেক সদস্য শান্তিপূর্ণ পরিবেশে বিঘ্ন ঘটিয়েছেন। প্রতিনিধি দল ফেরার সময় তাঁদের গাড়ি আটকানো, আইনশৃঙ্খলা বাহিনীর দিকে ইট-পাটকেল নিক্ষেপ ও অশালীন স্লোগানের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিছু ব্যক্তিকে ছত্রভঙ্গ করে।

সেনাবাহিনী আরও জানায়, তাদের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি সহমর্মিতা ও ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হয়েছে। তবে বাহিনীর সুনাম ক্ষুণ্ন করতে পারে এমন কোনো উসকানিমূলক ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড কখনোই কাম্য নয়।

বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী সাংবিধানিক কাঠামো ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে সকলকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়েছে।