গত ৯ মাসে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করেনি সরকার: প্রেসসচিব

Press secretary 20250429 154455640
২৮

গত ৯ মাসে সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘গত বছরের ৫ আগস্টের পর সাংবাদিকদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, তার দায় অন্তর্বর্তী সরকারের না।’

বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম জানান, ২০২৪ সালের আগস্টের পর থেকে এখন পর্যন্ত ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, যার অনেকগুলোই হত্যা মামলা। তবে এসব মামলার দায় সরকারের না।

শফিকুল আলম বলেন, মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার হলেও প্রতিবাদ করতে গেলে গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের অভিযোগ করা হয়। গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার।

গণমাধ্যমের ওপর জনগণের অনাস্থার বিষয় উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমগুলোকে বিগত সময় করা ভুলগুলো সাহসের সাথে স্বীকার করে জনগণের কাতারে এসে নতুনভাবে যাত্রা শুরু করতে হবে। নিরাপদ সাংবাদিকতার নিশ্চয়তা দেয়া সরকারের দায়িত্ব।

ব্যক্তিগত মতাদর্শের প্রতিফলন নয়, সাংবাদিকতা হওয়া উচিত তথ্যনির্ভর। স্বচ্ছতা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে দ্রুত সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রেসসচিব।