বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ এবং শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম শেখকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগরীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ (৫০) জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে এবং শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪৪) উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন শেখের ছেলে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার আসামি কক্সবাজার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। ওই ফ্লাইটটি শুক্রবার দুপুর দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি অবতরণের পর নাসির উদ্দিন মৃধা জর্জ ও জাহাঙ্গীর আলমকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার তথ্য পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা বিমানবন্দর থানায় আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাগুলোকে জানানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ইতোমধ্যে বিমানবন্দর থানা থেকে গ্রেপ্তার দুই আসামিকে আনতে শ্রীপুর থানা পুলিশের একটি দল বিমানবন্দর থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।