নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সংস্কার প্রয়োজন : মির্জা ফখরুল

1743578737 1f10aab24f94d7ce15160bea17625903
২৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার, এটা যদি কেউ বলে থাকে তাহলে এটা ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটা করতে হবে। কারণ এই সংস্কারের প্রথম দাবি ছিল বিএনপির।

বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপিকে টার্গেট করা হচ্ছে দাবি করে দলের মহাসচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে প্রতিটি সময় টার্গেট করে প্রচারণা করা হচ্ছে যে বিএনপি আগে নির্বাচন চায়, তারপর সংস্কার চায়। অথবা সংস্কার চায় না, নির্বাচন চায়। যা একবারে মিথ্যা। আমি সরাসরি বলতে চাই এটা একটি ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মাঝে।

বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, জনগণের সাথে সম্পর্ক রাজনৈতিক দলগুলোর, সেটা যেই দল হোক না কেন। যারা সংস্কারে এসেছেন তাদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তবে তারা যদি জনগণের বাহিরে গিয়ে কিছু করে বিএনপি সেটা সমর্থন করতে পারবে না।

গণতন্ত্রই মূল দাবি করে মহাসচিব বলেন, গণতন্ত্রই হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য শ্রেষ্ঠ ব্যবস্থা। এখানে কোনো রাজনৈকিত দল ক্ষমতায় আসার পরে যদি স্বৈরাচার হয়ে উঠে তাহলে জনগণই তাদের বের করে দেয়। যার বাস্তব প্রমাণ আওয়ামী লীগ।

এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।