ফের খুনের হুমকি! আরেকটি বুলেট প্রুফ গাড়ি কিনলেন সালমান

Image 369567
২৩

আবারও খুনের হুমকি দেওয়া হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানকে। গত সপ্তাহে ভারতের জাতীয় কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে মারার পর সম্প্রতি সালমানকে এই হুমকি পাঠানো হয় মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের নামআবরে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে।

হুমকিতে বলা হয়, সালমান খান যদি ৫ কোটি রুপি দেন, তাহলে লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে তার বিরোধের নিষ্পত্তি হতে পারে। টাকা না দিলে সালমানের অবস্থা বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে। এ ঘটনার পর অভিনেতার নিরাপত্তা আরও জোরদার করা হয়। সে লক্ষ্যেই কেনা হয়েছে নতুন বুলেটপ্রুফ গাড়ি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দুবাই থেকে নতুন একটি বুলেটপ্রুফ নিসান পেট্রোল এসইউভি আমদানি করেছেন সালমান খান। গত বছরের এপ্রিলেও একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছিলেন তিনি। সেই গাড়িতেই নায়ক যাতায়াত করতেন।

তবে সালমানের নতুন কেনা বুলেটপ্রুফ এসইউভিতে রয়েছে নতুন অনেক ফিচার। বুলেটভেদ করতে পারবে না— এমন কাচ দিয়ে তৈরি গাড়িটি। সেই সঙ্গে রয়েছে বোম অ্যালার্ট ফিচার। গাড়িটির জন্য সালমানকে খরচ করতে হয়েছে দুই কোটি রুপি। বাংলাদেশি টাকায় যা ২ কোটি ৮৫ লাখ টাকা।

১২ অক্টোবর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বিধায়ক ছেলে জিশান সিদ্দিকির অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয় বাবা সিদিকিকে। সালমানের খুবই ঘনিষ্ঠ ছিলেন তিনি। সে কারণেই নাকি প্রাণ গেছে বাবার। এ ঘটনায় ইতোমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

তবে সালমানের জন্য দুশ্চিন্তার বিষয় হলো- এই হত্যার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্রুপ। যারা গত এক বছরের বেশি সময় ধরে সালমানকে দফায় দফায় হত্যার হুমকি দিয়ে চলেছে। কখনো বাড়িতে চিঠি পাঠিয়ে, কখনো ইমেইলের মাধ্যমে। এবার খুনের হুমকি এলো ট্রাফিক পুলিশের হোয়াসঅ্যাপ নাম্বারে।

১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে সিনেমার শুটিংয়ে গিয়ে একটি কৃষ্ণসার হরিণকে গুলি করে মারার অভিযোগ আছে সালমানের বিরুদ্ধে। এই হরিণকে বিষ্ণোই সম্প্রদায় দেবতা হিসেবে পূজা করে। ফলে এই জাতের হরিণকে হত্যা করায় বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুসূল হয়ে গেছেন সালমান খান।