লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলনে নতুন কমিটি ঘোষণা

বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রায় ৪ শতাধিক ডেলিগেট, অতিথিবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ, প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় জাতীয় সম্মেলন ২০২৬ সারাদিনব্যাপী পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে সফলভাবে সম্পন্ন হয়েছে।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ফাউন্ডার্স কনভেনর মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং নারী নেত্রী হেলেন ইসলাম ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ তাজুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই মহা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মোহাম্মদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পেট্রন ড. হাসনাত এম হোসেন এমবিই, অপর পেট্রন কে এম আবু তাহের চৌধুরী, চ্যানেল এস এর ফাউন্ডার মাহী ফেরদৌস জলিল, সাউথ ইস্ট এর চেয়ার হারুনুর রশিদ, কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মসুদ আহমদ, জামাল হোসেন, শাহ শাফী ও সৈয়দ সায়েম করিমসহ ১০টি রিজিওনাল ও ৮টি শাখা কমিটির নেতৃবৃন্দ।

গত ১৩ই অক্টোবর সম্মেলনের ২য় অধিবেশনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ২০২৬-২৮ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি এম আশরাফ মিয়া এবং ট্রেজারার হেলেন ইসলাম। সম্মেলন উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ শিরোনামে একটি আকর্ষণীয় ম্যাগাজিন প্রকাশ করা হয়। ম্যাগাজিনের সম্পাদনায় ছিলেন হেলেন ইসলাম, সৈয়দ সায়েম করিম, নূরজাহান শিল্পী, শাহ শাফী ও আব্দুর রহিম রঞ্জু। অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত, সিলেটি সংগীত, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সম্মেলনকে আরও প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি ছিল রকমারি সুস্বাদু খাবারের আয়োজন। সব মিলিয়ে সম্মেলনটি যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীর এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।

সম্মেলনে বক্তারা সিলেটবাসী ও প্রবাসীদের বিভিন্ন ন্যায্য দাবি তুলে ধরেন। তাঁদের দাবির মধ্যে ছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজসহ বিদেশি বিভিন্ন এয়ারলাইনের সরাসরি ফ্লাইট চালু, বিমান ভাড়া হ্রাস, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলির সংকট নিরসন, যাত্রী হয়রানি বন্ধ এবং ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা।

সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী, সাবেক স্পীকার আহবাব হোসেন, সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম, কমিউনিটি নেতা সিরাজ হক, বিশিষ্ট ব্যবসায়ী শাহনুর আহমদ খান, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল আহাদ চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, কাউন্সিলার এ কে এম হেলাল, কাউন্সিলার গুলজার আহমদ, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গুলজার আহমদ খান, সংগঠনের উপদেষ্টা মাসুদ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব সুরাবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক তাইসির মাহমুদ, সাংবাদিক সাহেদ রহমান, সাংবাদিক সাজিদুর রহমান ও আজিজুল আম্বিয়াসহ সংগঠনের উপদেষ্টাবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুরসহ অন্যান্য নেতৃবৃন্দ তাঁদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, লিডারশীপ মানে ক্ষমতা বা কর্তৃত্ব নয়, লিডারশীপ মানে দায়িত্বশীলতা। আমাদের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আগামী দু’বছরের জন্য দায়িত্ব অর্পণ করায় সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সিলেটের উন্নয়ন এবং কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুসহ সিলেটের সকল ন্যায্য দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকব। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সবার সহযোগিতা কামনা করেছেন। নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়ে সম্মানিত পেট্রন ও উপদেষ্টাসহ সম্মেলনে আগত অতিথিবৃন্দ বলেন, যুক্তরাজ্যের সকল অঞ্চল থেকে দূর-দূরান্তের পথ পাড়ি দিয়ে যারা এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণ করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।