নয় বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা সালাহউদ্দিন

39 2408061303
৪২

নয় বছর পর দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

ভারতের শিলং থেকে বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরেন তিনি। এর আগে মঙ্গলবার দেশে ফেরার জন্য তাকে গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের অফিস থেকে ট্রাভেল পাস দেওয়া হয়।

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ২০১৫ সালে ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন। এরপর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। তখন ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাহউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করছিলেন। স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ তাকে আটক করে।

সালাহউদ্দিনকে আটকের পর অনুপ্রবেশের অভিযোগে মামলা করে মেঘালয় থানার পুলিশ। এরপর একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০১৮ সালে নিম্ন আদালতের রায়ে খালাস পান তিনি। কিন্তু ভারতের রাষ্ট্রপক্ষ নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করায় তাকে সেখানেই অবস্থান করতে হয়। এরপর গত বছরের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাহউদ্দিন। রায়ে আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। এরপর নানা জটিলতায় দেশে ফেরা হয়নি তার।