এমপিওভুক্তদের পে স্কেলের চিঠি এখনও অনুমোদন দেয়নি মন্ত্রণালয়

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে ৬ হাজার ৮০০ কোটি টাকার বেশি অতিরিক্ত অর্থের হিসাব বিবরণী পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত রবিবার এ সংক্রান্ত ফাইল অনুমোদনের জন্য তোলা হলেও শিক্ষা মন্ত্রণালয় এখনো তাতে সায় দেয়নি।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক ঢাকার বাইরে অবস্থান করায় ফাইলটি আটকে আছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ফাইলটি অনুমোদনের পরই অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হবে।

অন্যদিকে বেসরকারি মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলে বেতন-ভাতা পেতে অতিরিক্ত প্রায় দুই হাজার কোটি টাকার হিসাব বিবরণী পাঠানো হলেও বিষয়টি অনিশ্চয়তায় রয়েছে। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, এমপিওভুক্ত জনবলকে পে স্কেলের আওতায় আনতে হলে অর্থ মন্ত্রণালয় থেকে পৃথক গেজেট বা প্রজ্ঞাপন জারি করা জরুরি।

বিভাগটির যুগ্মসচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, মাদরাসা শিক্ষকদের হিসাব পাওয়া গেলেও কারিগরি শিক্ষকদের হিসাব এখনো আসেনি; উভয় হিসাব একসঙ্গে অর্থ বিভাগে পাঠানো হবে।

তবে মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের কর্মকর্তা স্পষ্ট করেছেন, অর্থ বিভাগ থেকে পৃথক গেজেট জারি না হওয়া পর্যন্ত অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে কোনো চিঠি পাঠানো হবে না এবং শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলে বেতন পাওয়ার বিষয়টিও নিশ্চিত বলা যাচ্ছে না।