একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

Pm President 1024x576

একুশে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর দ্বিতীয়বার আওয়ামী লীগের দলীয় প্রধান হিসেবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নেতাকর্মী এবং মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করেন। স্পিকারের পর পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। একে একে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জাতীয় সংসদের বিরোধী দলের পক্ষে জাতীয় পার্টির সংসদ সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনে শহীদ মিনারে উপস্থিত হন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং বিদেশী সংস্থার প্রধানরা। শ্রদ্ধা জানান যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার শ্রদ্ধা নিবেদন করে। এরপরে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষার জন্য প্রাণ দেয়া শহীদদের স্মরণ করেন তারা।

এদিকে দিনটিকে ঘিরে শহীদ মিনারে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।