পিকনিকে যাওয়ার পথে বাস দুর্ঘটনায় নিহত ১৪

India 2401030656
২৩

ভারতের আসাম রাজ্যের গোলাঘাট জেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৭ জন।

বুধবার (৩ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

পুলিশ জানিয়েছে, পিকনিক পার্টির ৪৫ সদস্যকে নিয়ে তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরে যাওয়ার সময় ওই বাসটির দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

তারা জানান, পিকনিকে যাওয়ার উদ্দেশে ভোর ৩ টার দিকে ওই বাসে করে যাত্রীরা তাদের যাত্রা শুরু করে এবং গন্তব্যে পৌঁছানোর আগেই মার্গেরিটা থেকে আসা একটি কয়লাবোঝাই ট্রাকের সাথে দেরগাঁওয়ে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে জোরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করেছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ঘটনাস্থলেই মারা যাওয়া ১৪ যাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।