শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে ফল প্রকাশের দিনই : শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে ‘প্রকৃতির পাঠশালা’র মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের হাতে ফল প্রকাশের দিনই নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট বিদ্যালয় প্রাঙ্গণে ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা ও বাংলাদেশ সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ বই চালু করছে। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা ও ব্যবহারিক শিক্ষার সুযোগ তৈরি হবে।

তিনি আরো বলেন, আগামী বছর থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও দুপুরের খাবার (মিড-ডে মিল) দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দেশের জরাজীর্ণ বিদ্যালয় ভবনগুলো সংস্কার করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবি, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শিক্ষামন্ত্রী কচুয়া পৌরসভায় ‘ব্রেস্টফিডিং ও কিডস কর্নার’, কচুয়া উপজেলা পরিদর্শন কক্ষ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে ‘অফিসার্স ক্লাব ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন করেন।