বিজয়ের মাসে মানুষ নির্বাচনের উৎসবে মেতেছে : খাদ্যমন্ত্রী

Image 252057 1702710693
১৯

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিজয়ের মাসে মানুষ নির্বাচনের উৎসবে মেতেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানুষের বিপুল অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা নির্বাচন বানচাল করতে চায়, তাদের আশা কোনোদিন পূরণ হবে না।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, শেখ হাসিনা সকল অপশক্তিকে উপেক্ষা করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন— এটাই হলো মুক্তিযুদ্ধের সার্থকতা।

তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধারা মনে করি, মুক্তিযুদ্ধ সফল হয়েছে। ইতোমধ্যে অনেক কিছু অর্জিত হয়েছে। ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ দেশ গঠনের যে লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থির করেছেন, আমরা সেটি অর্জন করতে সক্ষম হবো।


খাদ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে শোষকের হাত থেকে মুক্ত করতে আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি জেল খেটেছেন। ছয় দফা আন্দোলন দিয়েছেন, ঊনসত্তরে গণ-অভুত্থান করেছেন, সত্তরের নির্বাচনে জয়লাভ করেছেন। ৭ মার্চে তিনি মহান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তার আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি।

তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় ১ কোটি মানুষ দেশ ছাড়া হয়েছে। মানুষকে নির্যাতন করা হয়েছে। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা ও গণহত্যা করেও বাঙালি জাতিকে দাবায়ে রাখতে পারেনি পাকিস্তানি বাহিনী। দেশ স্বাধীনের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার।

এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ মজুমদার গোপালসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে খাদ্যমন্ত্রী নেতাকর্মীদের নিয়ে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন।