গায়ে থুতু ছেটানোর অভিযোগে যা বললেন মেসি

Image 243650 1697274076
১৯

ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির গায়ে থুতু ছিটানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

শুক্রবার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে নিকোলাস ওটামেন্ডির ম্যাচের শুরুতেই পাওয়া গোলে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। তবে দুটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

তবে ম্যাচের নির্ধারিত সময়ের মিনিট পাঁচেক আগে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। মেসির সঙ্গে লড়াইয়ে জড়ান আন্তোনিও সানাব্রিয়া। এরপর উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করেন মেসি, তখনই থুতু ছুঁড়তে দেখা যায় প্যারাগুয়ের স্ট্রাইকারকে।

তবে মেসি বিষয়টি লক্ষ্য করেছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। এরপর ম্যাচ শেষেও প্রশ্ন উঠে বিষয়টি নিয়ে।

যদিও বিষয়টি নিয়ে কথা বলতে আগ্রহ দেখাননি রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। মেসির ভাষ্য, সত্যি যেটা হলো, আমি এটা (থুতু ছিটানো) দেখিনি। সতীর্থরা আমাকে লকার রুমে বলেছিল যে তাদের (প্যারাগুয়ের) একজন আমার গায়ে থুতু ছিটিয়েছে। ওই লোকটাকে আমি নিজেও তা জানি না। আমি তাকে খেয়াল করিনি। তারাই (সতীর্থরা) আমাকে বলেছে।

মেসি আরও যোগ করেন, আমি এটাকে বেশি গুরুত্ব দিতে চাই না। কারণ, তাকে (থুতু ছিটানো লোককে) নিয়ে তখন সর্বত্র কথা হবে এবং সেটা আরও খারাপ হবে। এটা জানাজানি হয়ে যাবে। তাই (যা ঘটেছে) এটা ওখানে শেষ করে দেওয়াই ভালো।

এদিকে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়েকে ১-০ গোলে আর্জেন্টিনার হারানোর দিনের ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলের ব্যবধানে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই হারে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে লা আলবিসেলেস্তেদের কাছে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান হারাল সেলেসাওরা।

তিনটি ম্যাচ খেলে দুই জয় ও এক ড্র-এ ব্রাজিলের পয়েন্ট সংখ্যা সাত। আর শীর্ষে ওঠে আর্জেন্টিনার সমান সংখ্যক ম্যাচে টানা তিন জয়ে সংগ্রহ ৯ পয়েন্ট।

এদিকে মেসিদের পরের ম্যাচ পেরুতে। আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৮টায় লিমার এস্তাদিও নাসিওনালে গড়াবে ম্যাচটি।

অন্যদিকে ১৮ অক্টোবর পেরু–আর্জেন্টিনার ঘণ্টা দুয়েক আগে মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় সকাল ৬টায় মন্তেভিদেওর এস্তাদিও সেন্তেনারিওতে উরুগুয়ের বিপক্ষে খেলবে নেইমাররা।

এবারের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচের সূচিও ঘোষণা করেছে কনমেবল। আগামী ২১ নভেম্বর মুখোমুখি হবে দল দুটি। এই ম্যাচে নেইমার–অ্যালিসনরা আতিথ্য দেবেন মেসি–দি মারিয়াদের। তবে এখনও এই ম্যাচের ভেন্যু এবং শুরুর সময় জানা যায়নি।

সর্বশেষ ২০২১ সালের ৫ সেপ্টেম্বর কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ব্রাজিলে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু খেলা শুরুর ৭ মিনিটের মাথায় স্থগিত হয় ম্যাচটি। তবে পরের আর ম্যাচটি আয়োজিত হয়নি।

তথ্যসূত্র : মার্কা