যুবলীগ নেত্রীকে গভীর রাতে বাসায় ডাকা সেই ওসি বিরুদ্ধে ব্যবস্থা

যুবলীগ নেত্রীর সঙ্গে কথোপকথনের তিনটি কল রেকর্ড ভাইরাল হওয়ার পর ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজীম নোমান ও দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির তিনটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে একটি সিএনজি রিজার্ভ করে দ্রুত যুবলীগ নেত্রীকে নিজের বাংলোতে আসতে বলেন ওসি ফয়জুল আজীম নোমান। এ সময় তিনি বলেন, যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসতে।

কোনো সমস্যা হবে কি না, যুবলীগ নেত্রী জানতে চাইলে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ এ সময় যুবলীগ নেত্রী ওসিকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন।

এ ছাড়া দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও তাকে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় জড়ানোর বিষয়েও দুজনের কথোপকথন শোনা যায় অডিওতে।

দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনিকে গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়।

জামিনে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে দুজনের কথোপকথনের অডিও ফাঁস হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তার সঙ্গে শ্লীলতাহানি করেছেন এবং তাকে আলিঙ্গনের অনুরোধ জানিয়েছেন।

অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করেছেন দাগনভূঞা মডেল থানার ওসি ফয়জুল আজীম নোমান। তবে কল রেকর্ডে নিজের কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, আসামিকে গ্রেপ্তার করতে তিনি ভিন্ন পন্থা অবলম্বন করেছেন। পুলিশের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।