বাংলাদেশ থেকে আইটি ইঞ্জিনিয়ার নিতে আগ্রহী জাপান

৪০

জাপানি আইটি সংস্থাগুলো বাংলাদেশ থেকে আইটি ইঞ্জিনিয়ার নিয়োগ দিতে আগ্রহী বলে জানিয়েছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের প্রেসিডেন্ট কাজুশিজি নবোতানি।

রবিবার (২৩ জুলাই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে সাক্ষাৎ করে তিনি এ আগ্রহের কথা জানান।

আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে তারা জাপান-বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কীভাবে যৌথভাবে কাজ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া বৈঠকে জাপানি বেসরকারি খাত ও বাংলাদেশি আইটি ফার্মগুলোর মধ্যে ব্যবসায়িক সহযোগিতা বাড়ানো এবং স্টার্ট-আপ এক্সচেঞ্জ বিষয়ও আলোচনা করা হয়।

জেট্রোর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার কর্তৃক আইসিটি খাতসহ বিভিন্ন খাতে বাস্তবায়িত বিশাল অবকাঠামো উন্নয়ন ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনসহ জেট্রোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।