পাঁচ বছরের বেশি কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব চাকরিচ্যুত

উচ্চশিক্ষার জন্য ছুটি নিয়ে টানা পাঁচ বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) সুমন রেজার চাকরির অবসান বা চাকরিচ্যুত করেছে সরকার।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, সুমন রেজা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে কর্মরত ছিলেন। উচ্চশিক্ষার জন্য ছুটি নিয়ে তিনি ২০১৮ সালের ৫ মার্চ থেকে সরকারি কাজে অনুপস্থিত রয়েছেন।

তার উচ্চশিক্ষার ছুটির মেয়াদ শেষ হয় ২০২৩ সালের ৫ মার্চ। এরপরও তিনি কর্মস্থলে যোগদান করেননি। ওই দিন সরকারি কাজে তার অনুপস্থিতির মেয়াদ পাঁচ বছর পূর্ণ হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, একনাগাড়ে পাঁচ বছরের বেশি সময় কর্তব্য থেকে অনুপস্থিত থাকায় বাংলাদেশ সার্ভিস রুলসের প্রথম খণ্ডের বিধি ৩৪ অনুযায়ী, ২০২৩ সালের ৫ মার্চ থেকে সুমন রেজার চাকরির অবসান হয়েছে।

চাকরির অবসান হওয়ায় তিনি সরকারের কাছ থেকে কোনো আর্থিক সুবিধা পাবেন না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।