সাকিবের হয়েও হলো না!

৫১
19

সাকিব আল হাসান

ক্রীড়া প্রতিবেদক, বিকেএসপি থেকে : সবকিছু পরিকল্পনা মতোই এগোচ্ছিল। লিটন কুমার দাস মনির হোসেনের স্টাম্পিংটা মিস না করলেই সাকিব আল হাসান পাঁচ উইকেটের স্বাদ পেতেন!

 

দূর্ভাগা সাকিব, লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেটের স্বাদ পাওয়া হলো না। নিজের নামের পাশে পাঁচ উইকেট যোগ করতে না পারলেও লিস্ট ‘এ’ ক্রিকেটে ১১ বারের মতো চার উইকেট পকেটে পুরেছেন।

 

বুধবার বিকেএসপিতে আবাহনীর হয়ে খেলা সাকিবের ঘূর্ণিতে ঢাকা লিগের দশম রাউন্ডে প্রাইম ব্যাংক আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪০ রানের বেশি করতে পারেনি।

 

ম্যাচে সাকিবের বোলিং ফিগার ১০-১-৩৫-৪। এদিন লিস্ট ‘এ’ ক্যারিয়ারে আড়াই শ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন বাঁহাতি এই স্পিনার। লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন তার উইকেটসংখ্যা ২৫৩টি।

 

প্রাইম ব্যাংক শিবিরের আইকন ক্রিকেটার সাব্বির রহমানকে আউট করে শুরু সাকিবের। এগিয়ে এসে ডিফেন্স করতে গিয়ে স্টাম্পড হন সাব্বির (০)। দশম ওভারের শেষ বলে তার শিকার ভারতীয় ব্যাটসম্যান উন্মুক্ত চাঁদ (২)। এলবিডব্লিউয়ের শিকার চাঁদ।

 

দ্বিতীয় স্পেলে ২০তম ওভারে তামিমের থেকে নিজের হাতে বল তুলে নেন সাকিব। দ্বিতীয় বলেই সাফল্য। ওপেনার মেহেদী মারুফকে করলেন বোল্ড। লেগ স্টাস্পে বল পড়ে বিশাল এক টার্নে বল আঘাত করে অফ স্টাম্পে। বলের লাইনে ব্যাট চালিয়েও ঘূর্ণিতে পরাস্ত মেহেদী (২৬)। হতাশ হয়ে একবার উইকেট ও একবার স্টাম্প দেখলেন মেহেদী। সাকিবকে বাহবা দেওয়া ছাড়া কিছুই করার ছিল না ডানহাতি এ ওপেনারের!

 

ইনিংসের শেষ ওভারে সাকিবের শিকার নাজমুল ইসলাম অপু। এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পড অপু (১৫)। এর আগে ৪৮তম ওভারে সাকিবের তৃতীয় বলে এগিয়ে এসে ড্রাইভ করতে গিয়ে বল মিস করেন মনির হোসেন। বল মিস করেন উইকেটের পেছনে লিটনও! লিটনের মিসে সাকিবের পাঁচ উইকেট মিস!