দ্বিগুণ হলো মন্ত্রী ও এমপিদের বেতন-ভাতা

২৫

সংসদ Paralement1462464479প্রতিবেদক : মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন-ভাতা প্রায় দ্বিগুণ করে পৃথক দুটি বিল পাস করেছে জতীয় সংসদ।

বিলে পূর্ণ মন্ত্রী  ও সমমর্যাদার উপদেষ্টাদের বেতন ৫৩ হাজার ১০০ থেকে বাড়িয়ে ১ লাখ ৫ হাজার টাকা, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার উপদেষ্টাদের বেতন ৪৭ হাজার ৮০০ থেকে বাড়িয়ে ৯২ হাজার টাকা, উপমন্ত্রীর বেতন ৪৫ হাজার ১৫০ থেকে বাড়িয়ে ৮৬ হাজার ৫০০ টাকা এবং সংসদ সদস্যদের বেতন ২৭ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৫৫ হাজার টাকা করা হয়েছে।

 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের দশম অধিবেশনের সমাপনী দিনে বৃহস্পতিবার এ-সংক্রান্ত দুটি বিল পাস হয়। বিল দুটি হলো- মেম্বারস অব পার্লামেন্ট ((রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৬ এবং দ্য মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৬।

আইনমন্ত্রী আনিসুল হক সংসদ সদস্যদের বেতন ও ভাতা বাড়ানোর বিলটি পাসের প্রস্তাব করেন। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন ও ভাতা বাড়ানোর বিল পাসের প্রস্তাব করেন সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বিল দুটির উদ্দেশ্য ও কারণসম্বলিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট ও জাতীয় বেতন স্কেল ঘোষণা করার কারণে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী এবং সংসদ সদস্যদের জন্য সময়োপযোগী বেতন-ভাতা নির্ধারণ করা আবশ্যক। এজন্য সংশ্লিষ্ট আইনগুলো সংশোধন করে সবার বেতন ও অন্যান্য সুবিধার সামঞ্জস্য রক্ষা করে পুনঃনির্ধারণের লক্ষ্যে সংশ্লিষ্ট বিল উপস্থাপন করা হলো।

আইনের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে, নতুন এই বেতন কার্যকর হয় গত বছরের ১ জুলাই থেকে। তবে ভাতা কার্যকর হবে চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করা হবে। এর আগে ২০০৯ সালে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও এমপিদের বেতন বাড়ানো হয়েছিল।

মন্ত্রী-উপদেষ্টা : মন্ত্রিসভার সদস্যদের মধ্যে পূর্ণ মন্ত্রী  ও সমমর্যাদার উপদেষ্টাদের বেতন ৫৩ হাজার ১০০ থেকে বাড়িয়ে ১ লাখ ৫ হাজার টাকা করা হয়েছে। মন্ত্রীদের বিমানভ্রমণে বীমার সীমা ৫ লাখ থেকে বাড়িয়ে ৮ লাখ টাকা, স্বেচ্ছাধীন তহবিলের আকার ৪ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা এবং দৈনিক ভাতা ৭৫০ থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে। মন্ত্রীদের ব্যয় নিয়ামক ভাতা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া মন্ত্রীরা বেসরকারি বাড়িতে বাস করলে বাসা ভাড়া পাবেন ৮০ হাজার টাকা। আগে এর পরিমাণ ছিল ৪৫ হাজার টাকা। তবে মন্ত্রীরা স্বেচ্ছায় বেসরকারি বাড়িতে বসবাস করলে এখন ২৫ হাজার টাকা ভাতা পান।

প্রতিমন্ত্রী : প্রতিমন্ত্রী ও সমমর্যাদার উপদেষ্টাদের বেতন ৪৭ হাজার ৮০০ থেকে বাড়িয়ে ৯২ হাজার টাকা করা হয়েছে। প্রতিমন্ত্রীদের ব্যয় নিয়ামক ভাতা ৪ হাজার থেকে বেড়ে সাড়ে ৭ হাজার টাকা, বেসরকারি বাড়িতে বসবাসের ক্ষেত্রে ভাতা ৪০ হাজার থেকে বাড়িয়ে ৭০ হাজার, বিমানভ্রমণে বীমার সীমা ৫ লাখ থেকে ৮ লাখ, দৈনিক ভাতা ৭৫০ টাকা থেকে ২ হাজার টাকা এবং স্বেচ্ছাধীন তহবিলের আকার ৩ লাখ থেকে বেড়ে সাড়ে ৭ লাখ টাকা হচ্ছে।

উপমন্ত্রী : উপমন্ত্রীর সম্মানী ৪৫ হাজার ১৫০ থেকে বাড়িয়ে ৮৬ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া উপমন্ত্রীদের ব্যয় নিয়ামক ভাতা ৩ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা, বেসরকারি বাড়িতে বসবাসের ভাতা ৪০ হাজার থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা, বিমানভ্রমণে বীমার সীমা ৫ লাখ থেকে বাড়িয়ে ৮ লাখ টাকা, দৈনিক ভাতা ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা এবং স্বেচ্ছাধীন তহবিলের পরিমাণ ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।

পরে বিলগুলো পরিক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

সংসদ সদস্য : বিলে সংসদ সদস্যদের বেতন ২৭ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৫৫ হাজার টাকা, দৈনিক ভাতা ৩০০ থেকে বাড়িয়ে ৭৫০ টাকা, মাসিক ব্যয় নিয়ামক ভাতা ৩ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা, স্বেচ্ছাসেবী তহবিল ৩ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা, মাসিক লন্ড্রি ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা এবং ক্রোকারিজ ইত্যাদি মাসিক ভাতা ৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা, নির্বাচনী এলাকার মাসিক খরচ ৭ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা, মাসিক পরিবহণ খরচ ৪০ হাজার থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা, বার্ষিক অভ্যন্তরীণ ভ্রমণ খরচ ৭৫ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া অফিস খরচ ৬ হাজার থেকে বাড়িয়ে ৯ হাজার টাকা, অধিবেশনকালীন যাতায়াত ভাতা ২০০ টাকা, অন্যান্য সময় ৭৫ টাকা হারে পাবেন। অধিবেশনকালীন অ্যালাউন্স ৮০০ টাকা, বীমা সুবিধা ১০ লাখ টাকা, টেলিফোন ভাতা ৭ হাজার ৮০০ টাকা, চিকিৎসা ভাতা ৭০ টাকা পাবেন।