১৫ মিনিটে ব্যাগেজ পাবেন থার্ড টার্মিনালের যাত্রীরা

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল থেকে মাত্র ১৫ মিনিটের মধ্যে যাত্রীদের ব্যাগেজ সরবরাহ করা হবে।

রোববার (২৯ নভেম্বর) বেবিচক সদর দপ্তরস্থ অডিটোরিয়ামে তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি স্বাক্ষর উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তৃতীয় টার্মিনাল বিষয়ে জাপানী কনসোরটিয়ামের সঙ্গে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে চুক্তি হচ্ছে, তাতে এমন শর্তও থাকছে বলে জানান তিনি।

বেবিচক চেয়ারম্যান বলেন, আগমনী যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষার ভোগান্তি কমাতে ব্যাগেজ সরবরাহের ক্ষেত্রে সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এয়ারক্রাফট থামার পর থেকে ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগ কনভেয়ার বেল্টে সরবরাহ করতে হবে। সবশেষ ব্যাগেজ সরবরাহের নির্ধারিত সময়সীমা ন্যারো-বডির ক্ষেত্রে ৪২.৫ মিনিট এবং ওয়াইড-বডির ক্ষেত্রে ৪৭.৫ মিনিট হতে হবে।

তিনি জানান, চেক-ইন কাউন্টারে অপেক্ষার সময় কমানোতে যাত্রীদের দ্রুত চেক-ইন সেবা নিশ্চিত করতে চেক-ইন কাউন্টারের সারিতে অপেক্ষার গড় সময়ও নির্ধারণ করা হয়েছে। বিজনেস ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে গড় অপেক্ষার সময় ৫ অথবা ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে ২০ অথবা ৩০ মিনিটের মধ্যে সীমিত রাখার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, চুক্তিতে বেবিচক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের মধ্যে রাজস্ব বণ্টনের সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। চুক্তি অনুযায়ী নির্ধারিত কার্যক্রম শুরুর তারিখ থেকে যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩.৫ শতাংশ মাসিক ভিত্তিতে বেবিচককে প্রদান করবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। পরবর্তী সময়ে তৃতীয় টার্মিনালের পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত তারিখ অথবা প্রকৃত পূর্ণ সক্ষমতা অর্জনের তারিখ-যেটি আগে হবে, সে তারিখ থেকে বেবিচকের রাজস্বের অংশ বৃদ্ধি পেয়ে ২৭ শতাংশে উন্নীত হবে।

তিনি বলেন, দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল (৩০ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বহুল প্রতীক্ষিত কনসেশন চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। জাতীয় স্বার্থ সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা ও আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ চুক্তি সম্পাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, কনসেশন চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করে টার্মিনাল হস্তান্তরের ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং যাত্রীসেবার মান নিশ্চিত করতে বেবিচকের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, চুক্তি অনুসারে সেবার মান নিশ্চিত করতে ব্যর্থ হলে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। পরিচালনাকারী প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে চুক্তিতে আর্থিক ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে। নির্ধারিত সেবার মান ও কার্যসম্পাদন সূচক অর্জনে বারবার ব্যর্থ হলে প্রতিষ্ঠানটিকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ব্যর্থতার ধরন ও পুনরাবৃত্তির সংখ্যার ভিত্তিতে প্রতিটি ব্যর্থতার জন্য ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত পূর্বনির্ধারিত ক্ষতিপূরণ প্রদানের বিধান রয়েছে।

বেবিচক চেয়ারম্যান বলেন, তৃতীয় টার্মিনালের অত্যাধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধা দেশের বিমান পরিবহন সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আন্তর্জাতিক মানের আধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধাসংবলিত একটি অত্যাধুনিক টার্মিনাল। ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই টার্মিনালে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা প্রদানের সক্ষমতা রয়েছে।

যাত্রীদের দ্রুত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে তৃতীয় টার্মিনালে সেলফ চেক-ইনসহ ১২৭টি চেক-ইন কাউন্টার, ১১৪টি ম্যানুয়াল ও ১৫টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টারসহ মোট ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, ৮টি অন-অ্যারাইভাল ভিসা কাউন্টার, ১০টি ট্রানজিট ও ট্রান্সফার কাউন্টার এবং ১৬টি এয়ারলাইনস টিকিট কাউন্টার রয়েছে।

এ ছাড়া আগমনী যাত্রীদের লাগেজ সংগ্রহের জন্য রয়েছে ১৬টি সুপরিসর ব্যাগেজ কনভেয়ার বেল্ট। উড়োজাহাজ ও যাত্রী ব্যবস্থাপনার জন্য টার্মিনালে ১২টি কন্টাক্ট বোর্ডিং এবং ২৫টি রিমোট এয়ারক্রাফট পার্কিং বে রয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে তৃতীয় টার্মিনালে ৯৯টি ব্যাগেজ এক্স-রে স্ক্রিনিং মেশিন, ২২টি বডি স্ক্যানার, ৫৫টি ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর এবং ৩৯টি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র রাখা হয়েছে।

যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সহজ চলাচল নিশ্চিত করতে রয়েছে মুভিং ওয়াকওয়ে, এসকেলেটর এবং লিফট। পাশাপাশি বহুতল গাড়ি পার্কিং ভবনে ১ হাজার ২৩০টি গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে।

আন্তর্জাতিক কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২৭ হাজার বর্গমিটার আয়তনের আমদানি কার্গো টার্মিনাল এবং ৩৬ হাজার বর্গমিটার আয়তনের রপ্তানি কার্গো টার্মিনাল নির্মাণ করা হয়েছে। নতুন কার্গো টার্মিনালসমূহে বছরে ২ লাখ ৭৩ হাজার ৪৭০ মেট্রিক টন আমদানি কার্গো এবং ৫ লাখ ৪৬ হাজার ৯৪১ মেট্রিক টন রপ্তানি কার্গোসহ মোট ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা রয়েছে।

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শতভাগ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট তৃতীয় টার্মিনালে স্থানান্তরিত হওয়ার তারিখ থেকে ১৫ বছরের মেয়াদ কার্যকর হবে। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে তৃতীয় টার্মিনালের কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে কমপক্ষে ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের সেবা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করে হস্তান্তরের ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে।

চুক্তিতে আরও উল্লেখ করা হয় চুক্তির আওতায় জাপানি কনসোর্টিয়াম নিজস্ব ব্যয়ে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব সিডিউল আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীসেবা তৃতীয় টার্মিনাল এবং আন্তর্জাতিক কার্গো হ্যান্ডলিং নতুন কার্গো টার্মিনালের মাধ্যমে পরিচালিত হবে।

এ ছাড়া বিদ্যমান টার্মিনাল-১ ও টার্মিনাল-২ অভ্যন্তরীণ ফ্লাইট, হজ ফ্লাইট এবং অন্যান্য ননসিডিউল ফ্লাইট পরিচালনার জন্য ব্যবহার করতে পারবে বেবিচক।

তিনি জানান, চুক্তিতে উল্লেখ করা হয় তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামকে দেওয়া হলেও বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রম বেবিচকের অধীনেই থাকবে। রানওয়ে, ট্যাক্সিওয়ে, এপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচল নিরাপত্তা, নিরাপত্তা তল্লাশি এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে বেবিচক। অন্যদিকে ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রম বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিয়ন্ত্রণে থাকবে।

চুক্তি অনুযায়ী তৃতীয় টার্মিনাল ব্যবহারকারী প্রত্যেক আন্তর্জাতিক বহির্গামী যাত্রীর বিপরীতে এমবার্কেশন ফি, প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ ব্যবহারের ফি এবং টার্মিনালের দোকান, লাউঞ্জ, বহুতল গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন ভাড়া মত নন এরোনোটিকাল আয় পাবে পরিচালনাকারী প্রতিষ্ঠানটি।

চুক্তি অনুযায়ী তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরেকটি ইন্টারন্যাশনাল গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হবে। এই সকল গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান এবং সেলফ হ্যান্ডলিংগুলো পরিচালনাকারী প্রতিষ্ঠানকে রয়্যালটি প্রদান করবে। এ ছাড়া কার্গো হ্যান্ডলিং সেবার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতি টন কার্গোর বিপরীতে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে মার্কিন ডলার রয়্যালটি প্রদান করবে।