মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, বোনাস জীবন ভোগ করছি: আবু হানিফ

আল্লাহর দেওয়া বোনাস জীবন ভোগ করছেন, তাই মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

রোববার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

আবু হানিফ তার পোস্টে লিখেন, স্বৈরাচার হাসিনার শাসনামলে যখন মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পেত না, তখন আমরা রাজপথে দাঁড়িয়ে হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী এলাকায় সক্রিয়ভাবে আন্দোলন করেছি। সেই সময়টা কতটা ভয়াবহ ছিল, তা ভাষায় প্রকাশ করা কঠিন। চোখের সামনে, পাশে থাকা কত মানুষ গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। আল্লাহর অশেষ রহমতে তখন বেঁচে ফিরেছি।

জুলাইয়ের স্মৃতিচারণ করে তিনি আরও লিখেন, আন্দোলন চলাকালে র‍্যাব আমাকে গভীর রাতে তুলে নিয়ে গুম করে রেখেছিল। গুম অবস্থায় দুই দিন শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। প্রতিটি মুহূর্তে মনে হয়েছে, এই বুঝি ক্রসফায়ারের নামে আমাকে হত্যা করা হবে। আল্লাহর অশেষ রহমতে সেবারও বেঁচে ফিরেছি। এরপর থাকতে হয়েছে কারাগারে। অবশেষে খুনি হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ৬ আগস্ট মুক্তি পাই।

আবু হানিফ লিখেন, পলাতক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুমকি দেয়, তাদের আপা দেশে ফিরলে দেখে নেওয়া হবে। আশপাশের অনেকেই প্রায়ই সতর্ক করেন, সাবধানে চলাফেরা করতে, যেকোনো সময় বিপদ হতে পারে। কিন্তু ভয় দেখিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না। ৫ আগস্টের আগেই যেকোনো সময় আমার জীবন শেষ হয়ে যেতে পারতো। তখনও জানতাম, যেকোনো মুহূর্তে মৃত্যুর মুখোমুখি হতে পারি। তবু অন্যায়ের বিরুদ্ধে রাজপথ ছাড়িনি।

সবশেষে গণঅধিকার পরিষদের মুখপাত্র লিখেন, জন্মেছি যখন, একদিন মৃত্যুবরণ করতেই হবে। ৫ই আগস্টের সেই ভয়াবহ সময় পেরিয়ে আজও বেঁচে আছি। তাই মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আল্লাহর দেওয়া বোনাস জীবন ভোগ করছি। এই বোনাস জীবন অন্যায়ের কাছে মাথা নত করার জন্য নয়; বরং সত্য, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য।