গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন, গ্রেপ্তার এসআরবি কমান্ডার

ময়মনসিংহের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪ কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ দপ্তর থেকে তাকে নিয়ে যায়। আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা।

তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। তিনি চব্বিশের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে এসআরবিতে বদলি করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা ও অভিব্যক্তিতে অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ দিকে, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত আছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, তারা সবাই নজরদারিতে রয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।