প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্য সূত্রে জানা গেছে , প্রধানমন্ত্রী তারেক রহমান চায়ের আমন্ত্রণ জানালে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।

ওই সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, আলোচনায় জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর নজরে আনেন বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে উভয় নেতা একমত হন।

এদিকে বুধবার (১৮ নভেম্বর) সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পতিত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের পুনরুত্থান ঠেকাতে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ডের অভিযোগ ঘিরে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সবশেষ নড়াইলে বিএনপির মিছিলে হামলায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে সহিংসতা প্রতিরোধ এবং গণতান্ত্রিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার দাবি জোরালো হচ্ছে।