বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

উত্তরের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর ওই সফর ঘিরে বইছে উৎসবের আমেজ। জেলার সার্বিক উন্নয়নে যুগান্তকারী ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী, এমন প্রত্যাশা স্থানীয়দের। সরকারপ্রধানের সফকে কেন্দ্র করে লালমনিরহাটসহ আশপাশের অঞ্চলে বইছে উৎসবের আমেজ।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে এখন জেলা শহরের চারদিকে ব্যস্ততা। নতুন সাজে সাজানো হচ্ছে জেলা শহরের মিশনমোড়সহ আশপাশের সড়কগুলো করা হচ্ছে নতুন রং এবং সাজানো হচ্ছে সড়কগুলোর আইল্যান্ড।

অন্যদিকে কালেক্টরেট মাঠে চলছে বিশাল প্যান্ডেল তৈরির কর্মযজ্ঞ। প্রিয় নেতাকে বরণ করতে আয়োজনের কমতি নেই নেতাকর্মীদের।

দীর্ঘ ২১ বছর পর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই সফর লালমনিরহাট বাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন তিনি।

এরপর সকাল ১১টা ৪৫ মিনিটে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।

দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে বেলা আড়াইটায় কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

নির্ধারিত কর্মসূচি শেষে বিকেল সোয়া ৪টায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।