ভারত কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়, প্রশ্ন চিফ প্রসিকিউটরের

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাংলাদেশে সম্পন্ন হওয়ার পরও ভারত কীভাবে পুনর্বিচার চায়, সেই প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো আইনগত সুযোগ নেই। ভারতের বিচারব্যবস্থায়ও পুনর্বিচারের বিধান ছিল। তবে দেশটি তা বাতিল করেছে। বাংলাদেশেও এই বিধান নেই।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, আমাদের দেশে এ কার্যক্রমকে বলা হয় ডিনেবো ট্রায়াল তথা আরেকবার বিচার। অর্থাৎ একবার বিচার হয়ে গেছে, এটাকে পুনর্বিচার বলা হয়। ডিনেবো ট্রায়ালের বিধান ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও ছিল। ভারতীয় বিচারব্যবস্থায় সেই ডিনেবো ট্রায়ালের বিধান বাতিল করে দিয়েছে। একইভাবে আমাদের দেশেও এটি রহিত করা হয়েছে। পাকিস্তানেও নেই। এখন যে দেশে তারা এই চর্চা করে না, তারা আরেক দেশকে ডিনেবো ট্রায়ালের জন্য কীভাবে পরামর্শ দেয়। আমাদের এখানে ডিনেবো ট্রায়ালের কোনো পদ্ধতি নেই। তবে আপিলের বিধান আছে।

ভারতের পরামর্শের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভারত সরকার শুরু থেকেই এ মামলার বিচার কার্যক্রম সম্পর্কে জানে। তাদের আশ্রয়ে আসামি রয়েছেন। বিচার কার্যক্রম শুরুর সময় কেন তাকে বাংলাদেশে গিয়ে বিচার মোকাবিলা করতে বা সময়মতো আপিল করতে পরামর্শ দেওয়া হয়নি। তখন তাদের এই অতিথিকে কেন পরামর্শ করলেন না যে আপনি বাংলাদেশে যান, গিয়ে বিচারটা মোকাবিলা করেন বা কেন বললেন না যে আপনি সময়মতো গিয়ে আপিল করেন। তা না করে আপিলের সময় পার করলেন, বিচারের সময় পার করলেন, এখন এসে আবার আমাদের পরামর্শ করছেন যে আপনি ডিনেবো ট্রায়াল করেন, অর্থাৎ পুনর্বিচার করেন।

চিফ প্রসিকিউটর বলেন, এ ধরনের উদ্ভট বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি। একই বিষয়ে দ্বিতীয়বার বিচার করার আইনগত কোনো সুযোগ নেই। এছাড়া শেখ হাসিনার আপিলের সুযোগ সরকার বা চিফ প্রসিকিউটর কেউ দিতে পারবেন না। এটি আইনের বিষয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ প্রণয়ন করেছে আওয়ামী লীগ সরকার। ২০১০ সালে তারা এই আইনের অধীনে বিচারপ্রক্রিয়ার বিধিমালা প্রণয়ন করে। ২০২৪ সালের আগ পর্যন্ত এই আইন ও বিধিমালা ব্যবহার করেই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার আপিলের বিধান পরিবর্তন করেনি। যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ীই বিচার হচ্ছে। আইনে আপিলের যে বিধান রয়েছে, সেটিই কার্যকর হবে। আইন না থাকলে সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটরের কারও তা দেওয়ার এখতিয়ার নেই।