ভর্তি পরীক্ষা বহালই থাকছে, লটারি ফেরানোর রিট খারিজ করল হাইকোর্ট

২০২৭ শিক্ষাবর্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার সরকারি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহাল রাখার দাবিতে গত ৭ অক্টোবর রিটটি দায়ের করা হয়। মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জাহিদ তালুকদার আবেদনটি করেন।

রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং অধিদপ্তরের উপসচিবকে বিবাদী করা হয়।

রিটকারীর তথ্য অনুযায়ী, ২০২১ শিক্ষাবর্ষ থেকে দেশের সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষার পরিবর্তে ডিজিটাল লটারি পদ্ধতি চালু করেছিল তৎকালীন সরকার। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়।

গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান। একই দিন শিক্ষা মন্ত্রণালয় লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। পরে সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। প্রথম শ্রেণিতে ভর্তি করা হবে লটারির মাধ্যমে।

সরকারের এ সিদ্ধান্ত ঘিরে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নিয়ে বিতর্ক তৈরি হয়। শিক্ষাবিদদের একাংশের আশঙ্কা, ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং বাণিজ্যের প্রসার ঘটতে পারে। পাশাপাশি অল্প বয়সী শিশুদের ওপর ভর্তি পরীক্ষার বাড়তি চাপ তৈরি হবে।