চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে আহত ১২ পুলিশ

চট্টগ্রামের রাউজানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

এতে পুলিশের ১২ সদস্য আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় দিলদার হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। দিলদারের হেফাজত ও তার দেখানো জায়গা থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ১১৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ছয় রাউন্ড সীসা কার্তুজসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ বিষয় জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়া পাড়ায় এ অভিযান চালানো হয়।

সবশেষ ২৫ সেপ্টেম্বর আবু বক্কর চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে চাঁদা দাবি করা হয় বলে পুলিশ জানতে পারে। জানে আলমের বসতঘরের সামনে অভিযান চালায় পুলিশ।

পুলিশের দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে ঘরের ভেতর থেকে জানে আলম, আজিজ বস, দিলদার হোসেন, মো. রুবেল (২৭), মো. মামুন-অর-রশিদ ওরফে মামুন (৩৫) এবং মো. বাঁচা (৪৫) সহ কয়েকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

আত্মরক্ষার্থে তারা পাল্টা গুলি চালায়। অভিযানের একপর্যায়ে দিলদার হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।