সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক প্রধান প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু।

তিনি জানান, মনোয়ার হোসেন চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ধানমন্ডি ১২/এ তাকওয়া মসজিদে। দ্বিতীয় জানাজা হবে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে তার জন্মভূমি কামদিয়া মাদরাসা প্রাঙ্গণে।

মনোয়ার হোসেন চৌধুরী গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের কামদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। একসময় বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকা প্রতীকে নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এছাড়া বিসিআইসির সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।