মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

মা হওয়ার পর নারীর শরীরের স্বাভাবিক পরিবর্তন নিয়ে সমাজের অবাস্তব প্রত্যাশা ও কটাক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। তাঁর মতে, সন্তান জন্মের পর একজন নারীর শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য যে ধরনের চাপ তৈরি করা হয়, তা অযৌক্তিক।

২০২২ সালে কন্যাসন্তান দেবীর জন্মের পর শারীরিক পরিবর্তন নিয়ে নানা ধরনের সমালোচনার মুখে পড়েছিলেন বিপাশা। সম্প্রতি সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেত্রী প্রশ্ন তোলেন, একজন নারীর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর শরীরের পরিবর্তনকে কেন স্বাভাবিকভাবে গ্রহণ করা হবে না।

বিপাশা বলেন, নারীর শরীর নিয়ে মানুষের প্রত্যাশার যেন কোনো শেষ নেই। তাঁর মতে, ৪০ বছর বয়সী একজন নারীর কাছ থেকেও কেন ২০ বছরের তরুণীর মতো শরীর প্রত্যাশা করা হবে, এমন প্রশ্নও তোলেন তিনি।

মাতৃত্বের পর দ্রুত আগের চেহারায় ফিরে আসার চাপ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। তাঁর ভাষায়, সন্তান জন্মের পর একজন নারী জীবনের কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তা নিয়ে অনেকেই ভাবেন না। বরং সবাই দ্রুত তাঁকে আগের চেহারায় দেখতে চান।

শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের কটাক্ষ নয়, সন্তান জন্মের পর পাপারাজ্জিদের ছবি তোলার ধরন নিয়েও অস্বস্তির কথা জানিয়েছেন বিপাশা। তাঁর মতে, মাতৃত্বের পর একজন নারীর ব্যক্তিগত পরিস্থিতি ও মানসিক অবস্থার প্রতি আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন।

তবে এসব সমালোচনা তাঁকে ভেঙে দেয়নি বলেও জানিয়েছেন বিপাশা।

বরং মানসিকভাবে শক্ত থেকে মাতৃত্বের সময়টিকে উপভোগ করেছেন তিনি।

বিপাশার পাশাপাশি মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বলিউডের আরও অনেক অভিনেত্রী। এ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে—সন্তান জন্মের পর একজন নারীর শরীরকে কেন সৌন্দর্যের প্রচলিত মানদণ্ডে বিচার করা হবে?