চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার ঢাকায় অবতরণের কথা রয়েছে।

রবিবার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য ও সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেন মির্জা আব্বাস। বর্তমানে অনেকটা সুস্থ রয়েছেন। চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন তিনি।